×

জাতীয়

তাহসিফের মৃত্যু নিয়ে বাবার বক্তব্যে উঠে এলো যেসব তথ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম

তাহসিফের মৃত্যু নিয়ে বাবার বক্তব্যে উঠে এলো যেসব তথ্য

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি মৃত্যুর আগে কোনো একটি বিষয় নিয়ে আতঙ্কিত ছিলেন বলে জানিয়েছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। তবে কী কারণে ছেলে আতঙ্কিত ছিলেন, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি।

তাহসিফ নিখোঁজ হওয়ার দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর মায়ের সঙ্গে কেনাকাটা করেছিলেন। বাবার জন্যও কিছু জিনিস কিনেছিলেন তিনি। সন্ধ্যার পর বন্ধুস্থানীয় ছোট ভাই শাহরিয়ার দ্বীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাতে মাকে বার্তা পাঠিয়ে বাসায় ফেরার কথা জানালেও এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাহসিফের বাবা ও এক স্বজনের সঙ্গে কথা বলে তাঁর নিখোঁজ হওয়ার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

তাহসিফ উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর বাবা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর দ্বীপ নামের এক বন্ধুস্থানীয় ছোট ভাই বাসার নিচে এসে তাঁকে ডাকেন। দ্বীপের সঙ্গে কথা বলে আসার কথা জানিয়ে তাহসিফ নিচে নেমে যান। এরপর আর বাসায় ফেরেননি।

ছেলের নিখোঁজ হওয়ার আগের ঘটনা বর্ণনা করে কে এম এনায়েতুল করিম বলেন, ২৭ অক্টোবর দিনভর তাহসিফ তাঁর মায়ের সঙ্গে ছিলেন। কেনাকাটা করার পাশাপাশি বাবার জন্যও কিছু জিনিস কেনেন। সন্ধ্যার পর দ্বীপ এসে ডাকলে মাকে বলে নিচে যান তাহসিফ।

তাঁর বাবা বলেন, ‘যেদিনের ঘটনা ২৭ তারিখ সন্ধ্যার পরে, সারাদিন আমার মায়ের সঙ্গে ছিল। শপিং-টপিং করেছে, আমার জন্যও কিছু শপিং করেছে। তো এনিওয়ে, সন্ধ্যার পরে ওর একটা জুনিয়র মানে বন্ধু, ছোট ভাই উঠে এসে নিচ থেকে ডাকে যে কথা বলতে। তো ওর মাকে বলে আমার ছেলে যে, একটু দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি। এটা বলে সে নিচে যায়, আর ফেরে নাই।’

তাহসিফের বাবা জানান, ছেলে বাসায় না ফেরায় তাঁর মা একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ মাকে বার্তা পাঠিয়ে বাসায় ফেরার কথা জানান।

এনায়েতুল করিম বলেন, ‘এর মধ্যে ওর মা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু ও ফেরে নাই এবং রাত ১টা ৩৫ মিনিটে সে মেসেজ দিয়েছে যে সে আসছে, আম্মু আমি আসছি—এরম গোছের একটা ব্যস্ত মেসেজ দিয়েছে। এরপর থেকে তার আর লোকেট করতে পারিনি।’

ছেলের খোঁজ না পেয়ে উত্তরা থানায় গিয়েছিলেন বলে জানান তাহসিফের বাবা। সেখানে প্রথমে তাঁকে আশ্বস্ত করা হয়েছিল যে খারাপ কোনো খবর নেই। পরে বুধবার বিকেলে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর সঙ্গে যোগাযোগ করে নদীতে মরদেহ উদ্ধারের খবর জানান।

এ বিষয়ে এনায়েতুল করিম বলেন, ‘আমি উত্তরা থানায় গিয়েছিলাম গতকাল দুপুরে। ওরা বলল যে না, এরকম কোনো ব্যাড নিউজ তো নাই। আপনি নিশ্চিত থাকুন। কিন্তু সন্ধ্যার আগে বোধ হয় সোয়া পাঁচটার দিকে উত্তরখান থানার ওসি সাহেব আমার সঙ্গে কথা বললেন। নাম, ছেলের নাম এগুলো নিশ্চিত হয়ে, এরপর আমাকে জানালেন যে মৃতদেহ পাওয়া গেছে নদীতে।’

তাহসিফের বাবা জানান, উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকায় তাঁর ছেলে সাধারণত যেতেন না। ছেলের সেখানে যাওয়ার কোনো কারণও তাঁর জানা নেই।

এনায়েতুল করিম বলেন, ‘এটা হলো রাজাবাড়ী ঘাট, আর কিপাড়া দিয়ে যেতে হয়। তো ওই এলাকায় আমার ছেলে কখনোই যায় না। ওরকম কিছু বলে নাই। তবে মাঝে মাঝে আমাকে বলতো যে সে একটু আতঙ্কিত। আতঙ্কিত কেন, এটা কেন হলো? এটা জানি না।’

তাহসিফের মৃত্যুর পর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার ওই মোটরসাইকেল নিয়েই তিনি বাসা থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর এক স্বজন।

তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের পাশাপাশি নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফল থেকে বিস্তারিত জানা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট

৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করল মন্ত্রণালয়

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করল মন্ত্রণালয়

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App