ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন
৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, কে এগিয়ে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ৬৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮২ হাজার ৭৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৫৩৯ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়।
উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মাঠে রয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চারজন বিদেশি পর্যবেক্ষকসহ মোট ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালনের কথা রয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে রয়েছেন—
মির্জা ফয়সল আমীন: বিএনপি, ধানের শীষ
দেলাওয়ার হোসেন: জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা
খাদেমুল ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা
আব্দুল আলীম নিজামী: বাংলাদেশ খেলাফত আন্দোলন, বটগাছ
হুসাইন মুহাম্মদ ওমর ফারুক: বাংলাদেশ কংগ্রেস, ডাব
মির্জা ফয়সল আমীন জেলা বিএনপির সভাপতি। অন্যদিকে দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি।
উল্লেখ্য, ৬৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি প্রার্থী এগিয়ে থাকলেও সব কেন্দ্রের গণনা ও আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পরই চূড়ান্ত ফল নিশ্চিত হবে।
