সাঁকো দেখতে গিয়ে সাঁকোতেই বিপদ, নিচে পড়লেন জামায়াত নেতাকর্মীরা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
জরাজীর্ণ কাঠের সাঁকোটি দেখতেই সেখানে উঠেছিলেন সংসদ সদস্যসহ জামায়াতের নেতাকর্মীরা। কিন্তু সাঁকোর দুরবস্থা চোখে দেখার আগেই ঘটল বিপত্তি। হঠাৎ একটি অংশ ভেঙে কয়েকজন নেতাকর্মী নদীর ধারে পড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় অল্পের জন্য রক্ষা পান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এই সংসদ সদস্য।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার নটাবাড়ী গ্রামের নাউতারা ইউনিয়ন সংযোগকারী কাঠের সাঁকো পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন সামান্য আহত হন।
স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং সেখানে নতুন সাঁকো নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জরাজীর্ণ কাঠের সাঁকোটিতে ওঠেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁকোটির ওপর একসঙ্গে অনেক মানুষ ওঠার কিছুক্ষণ পর কাঠের একটি অংশ মচকে যায়। মুহূর্তেই সাঁকোর ওই অংশ ভেঙে পড়লে কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নদীর ধারে পড়ে যান। এ সময় সেখানে হইচই শুরু হয়। পরে স্থানীয় লোকজন ও এমপির সফরসঙ্গীরা দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। তবে সংসদ সদস্য আব্দুস সাত্তার অক্ষত অবস্থায় নিরাপদে সরে আসেন।
আরও পড়ুন: শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান বলেন, ‘সাঁকোটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ। অতিরিক্ত মানুষের চাপের কারণে এর একটি অংশ ভেঙে পড়েছে। তবে এমপি মহোদয় সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।’
পরে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘আজকের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এখানকার মানুষ কী ধরনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।’
