কুষ্টিয়া
বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, টায়ারে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:১১ পিএম
ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে মজুরি বাড়ানোর দাবিতে সড়কে নেমেছেন বিড়ি শ্রমিকরা। তারা কুষ্টিয়া–প্রাগপুর সড়ক অবরোধ করে টায়ারে আগুন দেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় স্থানীয় একটি বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা এ বিক্ষোভ পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতি হাজার বিড়ি তৈরিতে ৬১ টাকা হারে মজুরি পাচ্ছেন তারা। জীবনযাত্রার ব্যাপক বেড়ে যাওয়া ও বর্তমান বাজারদরের কথা বিবেচনায় নিয়ে মজুরি ৮১ টাকা নির্ধারণের দাবি জানালেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ রাজি হয়নি। এ অবস্থায় কর্মবিরতি ভেঙে সড়ক অবরোধের পথ বেছে নেন শ্রমিকরা।
শ্রমিক নেতা রফিকুল ইসলাম ও টিপু জানান, সকাল থেকেই ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। কিন্তু কোনো সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে অবস্থান নেন।
তাদের বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বর্তমান দামে ৬১ টাকায় সংসার চালানো অসম্ভব। তাই দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন তারা।
অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দুপুরের তীব্র রোদে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। অনেকে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, মজুরি নিয়ে শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জেরেই এ পরিস্থিতি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
