×

জামায়াত

অবস্থান বদলাচ্ছে জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

অবস্থান বদলাচ্ছে জামায়াত

ছবি : সংগৃহীত

কট্টরপন্থি অবস্থান থেকে বেরিয়ে নিজেদের আরও গণমুখী ও সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে দলটির ৮৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তনের চিন্তাভাবনা চলছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞদের নিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা করছে দলটি।

দলীয় সূত্রের দাবি, প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে সদস্য হতে জামায়াতের রুকন বা শপথধারী সদস্য হওয়ার বাধ্যবাধকতা থাকবে না। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এ বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানা গেছে।

দলটির নীতিনির্ধারকদের ধারণা, জামায়াতকে একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে এবং রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে শুধু দলীয় নেতাকর্মীদের ওপর নির্ভর করলে চলবে না। এজন্য বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া প্রয়োজন। এত দিন জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ে মূলত রুকন সদস্যরাই ভূমিকা পালন করে আসছেন।

জামায়াতের নীতিনির্ধারণী কাঠামোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরা। এসব ফোরামে রুকন ছাড়া বাইরের কাউকে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। তবে এবার সেই প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে রুকন হওয়ার বাধ্যবাধকতা ছাড়াই একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা করছে দলটি।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি কাজ করছে। ওই কমিটিতে উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদও এতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের যুগান্তরকে বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে এ নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি জানান, জামায়াতের আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তাভাবনা চলছে। সংশোধন কমিটি পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দলীয় সূত্রমতে, প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে সাবেক বেসামরিক ও সামরিক আমলা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হতে পারে।

জামায়াতের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন বাড়ছে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকেরা। বিরোধী দল হিসেবে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি ভবিষ্যতে সরকার গঠন করতে হলে বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ প্রয়োজন বলে মনে করছে দলটি। এ কারণে নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

দলীয় সূত্র বলছে, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক অঙ্গনে জামায়াতের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। বিশেষ করে ক্রীড়াঙ্গন, সংস্কৃতি ও সাংবাদিকতার ক্ষেত্রে দলটির প্রভাব ও গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে অবস্থান শক্তিশালী করতে কাজ শুরু করেছে জামায়াত।

এর অংশ হিসেবে সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের ৫০০ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধি এতে অংশ নেবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।

এ প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের ছায়া মন্ত্রিসভায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে একটি বড় দল কাজ করছে। তাঁরা সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ভুলত্রুটি চিহ্নিত করার পাশাপাশি জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় গেলে সেসব সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে টেকসই সমাধান খোঁজা হচ্ছে।

তাঁর ভাষ্য, জামায়াতকে আরও গণমুখী রাজনৈতিক দলে রূপান্তর করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

দলীয় সূত্রমতে, জামায়াতের গঠনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট উপকমিটির সুপারিশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর রুকন সম্মেলনে তা পাস করানোর প্রক্রিয়া রয়েছে।

তবে দেশজুড়ে প্রায় সোয়া লাখ রুকনকে একসঙ্গে নিয়ে কেন্দ্রীয় সম্মেলন আয়োজন করা সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

সব মিলিয়ে সাংগঠনিক কাঠামো, নীতিনির্ধারণী প্রক্রিয়া এবং বিভিন্ন পেশাজীবী খাতে সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আনার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। তবে গঠনতন্ত্র সংশোধন ও উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

অবস্থান বদলাচ্ছে জামায়াত

অবস্থান বদলাচ্ছে জামায়াত

‘ফালতু লোক’ বলায় টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

‘ফালতু লোক’ বলায় টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

পশ্চিমবঙ্গে ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App