ভারত থেকে এলো কাঁচা মরিচের প্রথম চালান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
দেশে টানা বৃষ্টিপাতের কারণে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এর অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালান দেশে পৌঁছেছে।
সোমবার (৩ আগস্ট) রাতে ভারত থেকে একটি ট্রাকে করে ৯ টন ২০০ কেজি কাঁচামরিচ বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বন্দর ও কাস্টমসের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চালানটি ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
এই চালানটি আমদানি করেছে শিমু এন্টারপ্রাইজ। আর পণ্য খালাসের কার্যক্রম পরিচালনা করেছে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শিমু শিপিং লাইন্স।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য খালাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচামরিচ নিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
আমদানিকারক শাহাজান বলেন, প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে তার মোট ব্যয় হয়েছে প্রায় ১৩৫ টাকা। সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। তার আশা, আমদানির পরিমাণ বাড়লে দেশের বাজারে কাঁচামরিচের দাম দ্রুত স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।
তবে তিনি অভিযোগ করেন, কাস্টমসে নানা জটিলতা, পণ্য ছাড়ে বিলম্ব এবং অতিরিক্ত রাজস্ব পরিশোধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। এতে অনেক ব্যবসায়ী লোকসানের ঝুঁকিতে পড়ছেন।
এদিকে, সোমবার বেনাপোলের স্থানীয় কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, আগামী কয়েক দিনে আমদানি বৃদ্ধি পেলে বাজারে দাম আরও কমে আসবে।
