গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: সংগৃহীত
প্রতিকূল আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ভাসমান দুটি এফএসআরইউ (FSRU) থেকে এলএনজি (LNG) খালাসে সাময়িক সমস্যা তৈরি হলেও আজ শুক্রবার সকাল থেকেই তা স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিকালের মধ্যেই গ্যাসের চাপ সম্পূর্ণ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশের বাজারেও তা দ্রুত সমন্বয় করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন: কমল জ্বালানি তেলের দাম
এর আগে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গুরুতর হৃদরোগীদের চিকিৎসায় যশোরবাসীকে যেন অন্য জেলায় যেতে না হয়, সে জন্য নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা এবং যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
