রামিসা হত্যা মামলা
স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৫১ এএম
ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফৌজদারি বিশেষজ্ঞ একজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন। এই বিশেষ বেঞ্চের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন এবং জেল আপিলের শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। যেকোনো সময় হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার শুনানি শুরু হতে পারে।
সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে এবং বর্তমানে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এর আগে গত ৯ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে।
আরো পড়ুন : রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণার পর ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।
ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকরে হাইকোর্টের অনুমোদন বাধ্যতামূলক। এটা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।
গত ৭ জুন আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারকে ফাঁসির রায় দেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, হত্যার আগে ধর্ষণ ও একাধিক স্থানে জখমের প্রমাণ পাওয়া গেছে। স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন না থাকায় তা স্বেচ্ছায় দেওয়া বলে বিবেচিত হয়। এছাড়া স্বামীকে পালাতে সহযোগিতা করেছেন স্বপ্না আক্তার—এমন পর্যবেক্ষণও উঠে আসে।
