জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পৃথক দুটি ফৌজদারি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনসংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে তাকে জামিন দেন।
আদালত সূত্রে জানা যায়, হত্যাচেষ্টা এবং ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। ওই রুলের শুনানি শেষে গত ২৬ জুলাই রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করা হয়। পরে রোববার আদালত রুল অ্যাবসলিউট ঘোষণা করে জামিন মঞ্জুর করেন।
চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
রায়ের পর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলমান রয়েছে। এছাড়া রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন স্থগিত রয়েছে।
তিনি আরও বলেন, বাকি চার মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। অন্য দুটি মামলায় জামিনসংক্রান্ত রুলের শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য রয়েছে। ফলে সব মামলার আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কারামুক্তির সুযোগ নেই।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। পরে হত্যা, হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।
এর আগে, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
