তনু হত্যা
সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের (৫২) হাইকোর্টে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের করা হাইকোর্টের জামিন আদেশ স্থগিতের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, হাইকোর্ট হাফিজুর রহমানকে যে জামিন দিয়েছিলেন, চেম্বার আদালত তা স্থগিত করেছেন। আদালত তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে পুলিশকে তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী রোববার বিষয়টি পরবর্তী আদেশের জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করা হবে।
এর আগে গত ২ আগস্ট জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
আরও পড়ুন: তনু হত্যা মামলায় জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর
একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ওই আদেশের পর ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। আবেদনটি সেদিন আদালতের সম্পূরক কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে চেম্বার আদালতের বিশেষ অনুমতি নিয়ে আবেদনটির শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। গ্রেপ্তারের পর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার ডিএনএ নমুনা সংগ্রহ করে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটিত হয়নি।
