নুসরাত হত্যা মামলা: যাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম
ছবি : সংগৃহীত
ফেনীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। একই সঙ্গে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন: সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং মাদ্রাসাছাত্র শাহাদাত হোসেন শামীম।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন: মাদ্রাসাছাত্র নুর উদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন এবং জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ।
অন্যদিকে খালাস পেয়েছেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, কামরুন নাহার মনি, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহি উদ্দিন শাকিল।
এর আগে গত ২০ আগস্ট নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয়। পরে আদালত সোমবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। মামলাটির শুনানি মোট ১৭ কার্যদিবস চলে।
আরও পড়ুন: নুসরাত হত্যা মামলা খালাস পেলেন যে ১০ আসামি
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের মার্চে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ-উদদৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন নুসরাতের মা। অভিযোগের পর অধ্যক্ষকে গ্রেপ্তার করা হলে তার অনুসারীরা মুক্তির দাবিতে বিক্ষোভ করেন।
এরপর ৪ এপ্রিল নুসরাতকে হত্যার পরিকল্পনা করা হয়। ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে তাকে কৌশলে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গুরুতর দগ্ধ অবস্থায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তার মৃত্যু হয়। পরে তার ভাইয়ের করা হত্যাচেষ্টার মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয়।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায়ে ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন। ওই রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আপিল করেন। সোমবার সেই আপিল ও ডেথ রেফারেন্সের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট।
