নিউ গিনি প্রপার্টিজে হামলা
জামিন পেলেন সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী। ফাইল ছবি
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় তাকে এ জামিন দেওয়া হয়।
তিন দিনের রিমান্ড শেষে সোমবার (৫ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড শেষে সোমবার গোলাম মহিউদ্দিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন। অন্যদিকে আসামিপক্ষে ঢাকার বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিনের আবেদন করে শুনানি করেন।
শুনানি শেষে আদালত আগামী ২৮ অক্টোবর মামলার ধার্য তারিখ পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় গোলাম মহিউদ্দিনের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ১ অক্টোবর তাকে তিন দিনের রিমান্ডে পাঠান আদালত।
আরও পড়ুন: ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির
গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকার নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।
এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
গত ১ অক্টোবর গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে তিন দিনের রিমান্ডে পাঠান।
