×

আইন-বিচার

রাষ্ট্রপক্ষের সন্দেহ

‘শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও করে ছড়িয়ে দেওয়ায় তাহসিফ খুন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

‘শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও করে ছড়িয়ে দেওয়ায় তাহসিফ খুন’

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার। এ ঘটনায় করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামি দীপকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে গিয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

বেলা সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে তাকে হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এজলাসে তোলা হয়। পরে তার হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে ফেলা হয়। বিকেল ৩টা ২৬ মিনিটে বিচারক এজলাসে উঠলে শুনানি শুরু হয়।

শুনানিতে তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুল হক দিদারও রিমান্ড মঞ্জুরের আবেদন জানান।

দিদার বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও করেছিলেন তাহসিফ সাউরি। পরবর্তীতে তা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়। এ কারণে ভিকটিমকে খুন করা হতে পারে। সে তথ্য উদ্ঘাটনের জন্য, এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য আসামির রিমান্ড প্রয়োজন।”

দীপের পক্ষে আইনজীবী মনিরুল ইসলাম ও মুতাসিম বিল্লাহ রিমান্ড আবেদন বাতিলের পক্ষে শুনানি করেন।

মনিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী তাহসিফের সঙ্গে দীপের ছয় বছরের পারিবারিক সম্পর্ক ছিল। তাহসিফের বাবা একবারও বলেননি যে দীপ এ ঘটনায় জড়িত। তিনি আরও বলেন, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ রাত ২টার দিকে কেন মাদক আস্তানায় যাবেন, তা বোধগম্য নয়।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

দীপের আইনজীবী আরও বলেন, তার মক্কেল গণমাধ্যমে বিচারের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতির শিকার হয়েছেন। শুরু থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে আসছেন। ঘটনাটি হত্যা, নাকি আত্মহত্যা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তার দাবি, তাহসিফের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না এবং তার পরিবার মামলা করতে চায়নি। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পক্ষে থাকার কথা জানিয়ে তিনি বলেন, এ কারণেই তারা জামিনের আবেদন করেননি।

অন্য আইনজীবী মুতাসিম বিল্লাহ বলেন, দীপ এ ঘটনার সঙ্গে জড়িত নন। জড়িত থাকলে তিনি বাসায় থাকতেন না। শুরু থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন। তাঁরাও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন চান।

দুই পক্ষের শুনানি শেষে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দণ্ডবিধির তিন ধারায় অভিযোগ

রিমান্ডের আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার সাংবাদিকদের বলেন, দীপের বিরুদ্ধে তথ্য গোপন, অপরাধের আলামত নষ্ট করা বা অপরাধীকে শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা এবং যৌথ দায়বদ্ধতার অভিযোগ আনা হয়েছে। এ ক্ষেত্রে দণ্ডবিধির ২০৩, ২০১ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।

তাহসিফের মৃত্যুর সঙ্গে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওর সম্ভাব্য যোগসূত্রের বিষয়ে দিদার বলেন, শেখ হাসিনা দেশত্যাগের সময় যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ ধারণ করেছিলেন এবং গণমাধ্যমে দিয়েছিলেন বলে তাঁদের সন্দেহ। ২০২৪ সালের আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে ওই ভিডিওর ভূমিকা ছিল উল্লেখ করে তিনি বলেন, এ কারণে হয়তো তাহসিফকে হত্যার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। তবে এটি রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য ও সন্দেহ; তদন্তে এর সত্যতা নিশ্চিত হওয়ার বিষয়টি এখনো বাকি।

এদিকে রিমান্ডের আদেশের পর আদালত থেকে কারাগারে নেওয়ার সময় দীপ এক স্বজনকে উদ্দেশ করে বলেন, “আমি ফুললি স্ট্রং।” এ সময় তাকে নিজের জন্য দুশ্চিন্তা না করতেও বলেন তিনি।

যেভাবে গ্রেপ্তার হলেন দীপ

এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিন দিনেও মামলা না হওয়ায় তাকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে আলোচনার মধ্যে শুক্রবার রাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার রাতে তাহসিফের বাবা মামলা করার পর দীপকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির মরদেহ বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে বাসার নিচে নেমে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তাহসিফ। বৃহস্পতিবার দীপ দাবি করেছিলেন, তাঁরা একসঙ্গে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেয়েছিলেন এবং পরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় আলাদা হয়ে যান।

বৃহস্পতিবার রাতেই মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও করে ছড়িয়ে দেওয়ায় তাহসিফ খুন’

রাষ্ট্রপক্ষের সন্দেহ ‘শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও করে ছড়িয়ে দেওয়ায় তাহসিফ খুন’

ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

কালিয়াকৈরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App