সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি : সংগৃহীত
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে করা একটি মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডরিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা অভিযোগ করেন, ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দেশের সার্বভৌমত্বে আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তিনি বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে ডরিনের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি তদন্তাধীন। অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় তারা খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তায় অজ্ঞাত ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত পায়। পরে সেখান থেকে লাল টেপ জড়ানো কৌটার মুখের পোড়া অংশ, কৌটার কয়েকটি অংশ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা ও একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়।
এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়।
