বিস্ফোরণের পর দুবাই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
ইরান-ইসরায়েল যুদ্ধে নিরাপত্তার স্বার্থে দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এই সিদ্ধান্ত নিয়েছে।
ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।
হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।
শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুবাই গণমাধ্যম দফতর জানিয়েছে, নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বর্তমানে পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুবাই বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর জেরে বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর আগে গত রোববার (১ মার্চ) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর হামলার ঘটনা ঘটে।
এদিকে, শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে, সেখানে আর পাল্টা হামলা চালাবে না তেহরান।
তিনি বলেন, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল গতকাল (৬ মার্চ) অনুমোদন দিয়েছে, প্রতিবেশী দেশ থেকে ইরানে হামলা না করা হলে, সেসব দেশে আর পাল্টা হামলা করবে না তেহরান।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
