যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম
ছবি : সংগৃহীত
সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসন উদ্ধারকারী দল ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, খুজেস্তানের গভর্নর সাইয়্যেদ মোহাম্মদ রেজা মওলাইজাদেহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সরকারি কর্মকর্তারা কাজ করছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুত রয়েছে।
এদিকে, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার পরিকল্পনা বিবেচনা করছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
খবরে বলা হয়েছে, এ লক্ষ্যে ইসরায়েলে অতিরিক্ত কয়েক ডজন আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতুন সামরিক পরিকল্পনা উপস্থাপনের পর হোয়াইট হাউস ইরানে চলমান হামলার পরিধি বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে বর্তমানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে পরিচালিত অভিযানের তুলনায় আরও বিস্তৃত সামরিক অভিযান চালানো হতে পারে।
