×

মধ্যপ্রাচ্য

হুতিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ এএম

হুতিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি

ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ স্থগিত করেছে সৌদি আরব। আগামী ২৬ অক্টোবর রাজধানী রিয়াদে সম্মেলনটি শুরু হওয়ার কথা ছিল। এদিকে হুতিদের হামলার মুখে রাজধানী রিয়াদে সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হুতি বিদ্রোহীদের প্রাণঘাতী হামলা অব্যাহত থাকায় সৌদি আরবের বার্ষিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সম্মেলনটির নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আগামী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে আগামী বছর নেয়া হয়েছে। আগামী বছরের সম্মেলনের তারিখ ‘খুব শিগগিরই’ ঘোষণা করা হবে।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, ‘আমাদের অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর অঙ্গীকার থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার সম্মেলনটির দশম আয়োজন। তাই আমরা চাই, এটি যেন যথাযথ পরিসরে হয়, আয়োজনের মান বজায় থাকে এবং অংশগ্রহণকারীদের প্রত্যাশা অনুযায়ী স্মরণীয় হয়ে ওঠে।’

আল জাজিরা বলছে, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সুইজারল্যান্ডে আয়োজিত বার্ষিক সম্মেলনের আদলে এফআইআই সম্মেলনকে অনানুষ্ঠানিকভাবে ‘দাভোসইন দ্য ডেজার্ট’ বলা হয়। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনে দেশটির উচ্চাভিলাষী বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়। তেল ও গ্যাসনির্ভর অর্থনীতি থেকে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় বিপুল বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাই এর অন্যতম লক্ষ্য।

এফআইআইয়ের ওয়েবসাইট অনুযায়ী, এবারের সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট এবং প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্কের।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইরান-সমর্থিত হুতিদের লড়াই সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও তীব্র হয়েছে। আনসার আল্লাহ নামেও পরিচিত হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। সেখানে হামলায় অন্তত ১৮ জন নিহত এবং আরও কয়েক শ মানুষ আহত হয়েছেন।

এমন অবস্থায় হুতিদের বারবার হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের সরকারি সংস্থাগুলো কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। একজন কর্মী ও দুই পরামর্শক বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, গত রোববার রাজধানী রিয়াদের একটি সরকারি সংস্থার একজন কর্মী বার্তা পান। তাতে বলা হয়, ‘সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, চলতি সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দূর থেকেই কাজ করা হবে’। বার্তায় আরও বলা হয়, ‘সবাইকে স্বাভাবিকভাবে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’

অন্যান্য সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের কার্যালয় থাকা কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত কোম্পানিগুলোও কর্মীদের বাসা থেকে কাজ করতে বলেছে।

এছাড়া রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার ভবনেও কর্মীদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভবনটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি আঞ্চলিক কার্যালয় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাহিদের উদ্দেশে যে বার্তা দিলেন ইশরাক

নাহিদের উদ্দেশে যে বার্তা দিলেন ইশরাক

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App