জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
ভিডিও ভাইরাল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ীতে জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
এদিকে বিষয়টির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, মা রাশেদা বেগম কেঁদে কেঁদে হাতে কোরআন শরীফ নিয়ে বের হয়ে যাচ্ছেন।
পরিবার সূত্রে জানা যায়, গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম তার বাবার বাড়ি ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নের বাঁশনিওগী গ্রামে বাবার রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশমূলে ৫৬ শতাংশ জমি পান। পরে পারিবারিকভাবে ৮ লাখ টাকার বিনিময়ে ভাইদের লিখে দেন।
পরবর্তীতে সেই টাকা দিয়ে নিজের নামে জমি কিনে নেন। বিষয়টি নিয়ে রাশেদা বেগমের ছেলে রাশেদুল ইসলাম জাকির মায়ের সঙ্গে বিভিন্ন সময়ে ঝগড়া-বিবাদ করছিলেন। এর আগেও রাশেদুল এমএম বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকরি করার সময় ৮৩ লাখ টাকার অর্থ কেলেঙ্কারির কারণে তাকে চাকরিচ্যুত করা হয়।
পরবর্তীতে মাকে নিজের নামে জমি লিখে দেওয়ার চাপ দিচ্ছিল ও হত্যা করা-সহ বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছিল। বিষয়টি নিয়ে মা রাশেদা ইতিপূর্বেও সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরে গেন্দারপাড়া গ্রামের বাসায় তালা দিয়ে নিজের স্ত্রীকে নিয়ে মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে চলে যায় রাশেদুল। পরে রাশেদা বেগম গেন্দারপাড়ায় এলে স্থানীয়রা গেটের তালা ভেঙে ঘরে ঢুকিয়ে দেন।
বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। পরে রোববার সকাল থেকে সালিশ শুরু হলে জমি লিখে দেওয়ার চাপ দেয় রাশেদুল। এতে মা রাজি না হওয়ার কারণে তাকে বাড়ি থেকে বের করে দেন। পরবর্তীতে রাশেদা বেগমের ভাইয়েরা এসে তাকে তাদের বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে রাশেদা বেগম বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে আমাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছিল। সম্পত্তি লিখে না দেওয়ার কারণে আমাকে আমার স্বামীর বাড়িতে যেতে দেয় না। আমি গেলে আত্মহত্যা করে আমাকে ফাঁসিয়ে দেবে বলেও হুমকি দেয়। পরে রোববার দুপুরে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বিষয়টি আমার ভাইদের জানালে তারা এসে আমাকে নিয়ে যায়।
এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত ছেলে রাশেদুল ইসলাম জাকিরের মোবাইলে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
