জাতীয় সংসদের অধিবেশন শুরু
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৫:০১ পিএম
ফাইল ছবি
চলবে ৬ নভেম্বর পর্যন্ত
চলমান জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) চলতি বছরের ৫ম এবং একাদশ সংসদের ২০ তম এ অধিবেশন বিকেল সাড়ে ৪টায় শুরু হয়। অধিবেশনটি চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দিয়েছেন। তবে বিরোধী দলের নেতা রওশন এরশাদ অনুপস্থিত আছেন।
সংসদ শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ৬ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলবে।
অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর আনা হয় শোক প্রস্তাব। গত দুই মাসে যেসব বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন তাদের নামে শোক প্রস্তাব আনার পর একমিনিট নিরবতা পালন শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করাহয়। সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোক জানান হয়। তার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ ও আলোচনা শুরু হয়।
