কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাককে লিগ্যাল নোটিশ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৬:১৩ পিএম
বাংলাদেশের কওমি মাদরাসার সবচেয়ে বৃহত্তম বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’বেফাক। দেশের কওমি মাদরাসাগুলোর সার্বিক মানোন্নয়ন এবং মাদরাসাগুলোকে বৃহৎ ঐক্যের আওতায় নিয়ে আসতে গঠিত হয় বোর্ডটি। তবে প্রতিষ্ঠানটির বেশ কিছু অনিয়ম তুলে ধরে তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার (১ অক্টোবর) বরমি জামেয়া আনোয়ারিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা আশেকে মোস্তফার পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশিকুর রহমান। নোটিশটি পাঠানো হয় বেফাকের সভাপতি, মহসচিব ও মহাপরিচালককে।
নোটিশ দাতা মাওলানা আশেকে মোস্তফা উল্লেখ করেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কাউন্সিল অধিবেশনের এজেন্ডা প্রকাশ, ভোটারদের তালিকা প্রকাশ, নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা, নির্বাচনের সুনির্দিষ্ট বিধি বিধান, প্রতিষ্ঠানটির গঠনতন্ত্র প্রকাশের দাবি এবং কাউন্সিল অধিবেশন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসা থেকে সরিয়ে অন্য কোন নিরপেক্ষ ভেন্যুতে করার দাবি জানানো হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বেফাকের বর্তমান কমিটি আগামী ৭ অক্টোবর কাউন্সিল অধিবেশন আহবান করে। কিন্তু এখনও তারা কাউন্সিল অধিবেশনের এজেন্ডা বা কার্যসূচী প্রকাশ না করে গোপনে করার অপচেষ্টা করছে যা সম্পূর্ণ বেআইনী, গভীর ষড়যন্ত্রমূলক এবং অসৎ উদ্দেশ্যমূলক।
এতে আরও উল্লেখ করা হয়, বেফাকের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতির নিজস্ব মাদরাসা ‘জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসা’-তে কাউন্সিল অধিবেশনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে যা সম্পূর্ণ নিরপেক্ষ নীতিমালার পরিপন্থী এবং নির্বাচনকে অবৈধভাবে প্রভাবিত করার অপপ্রয়াস। তাই ভেন্যু পরিবর্তন করে অন্য কোন নিরপেক্ষ ভেন্যুতে কাউন্সিল অধিবেশনের দাবি জানানো হয়। নোটিশ পাওয়ার ২ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে বেফাকের প্রধান পরিচালক উবাইদুর রহমান খান নদভী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সাথে ফোনে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।
