ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, নির্দেশদাতাদের গ্রেপ্তার দাবি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১১:৪০ পিএম
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিতে মানববন্ধন হয়েছে। ছবি: ভোরের কাগজ
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এবং দেশের আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিতে মানববন্ধন হয়েছে। রবিবার (৩০ জুন) চুনারুঘাট পৌর শহরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন হয়।
এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়। একই সঙ্গে তাকে হত্যার হুমকিদাতা ও তাদের নির্দেশদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানানো হয়।
চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল আরমান, ব্যারিস্টার ফুটবল অ্যাকাডেমির চেয়ারম্যান সোহাগ রহমান, ম্যানেজার ও পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট আহমেদ, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাশেদুল আলম রাসেল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, যুবলীগ নেতা তাজুল বাহার, হাজি দুলালসহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
