সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে মামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৭:০৬ পিএম
সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমানসহ মোট ১৭৪ জনের নামে দোহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে বিলাশপুর ইউনিয়নের রামনাথপুর এলাকায় শাহজাহান মাঝি বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় সালমান এফ রহমান ছাড়া আরো আসামি হয়েছেন:
- আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া
- ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন
- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন
- দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন
- দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারি
মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট দোহারের করম আলীর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যান বাদি শাহজাহান মাঝি ও তার স্বজন সোনিয়া আক্তার।
এ সময় সালমান এফ রহমানের নির্দেশে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা অস্ত্র ও বিস্ফোরক নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।
আরো পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
এই ঘটনায় শাহজাহান মাঝি ও তার সাথে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন।
দোহার থানার ওসি মো. হারুন অর রশিদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
