ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানালেন মার্কিন সিনেটের মেজরিটি হুইপ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম
অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন সিনেটের মেজরিটি হুইপ ডিক ডারবিন। ছবি: সংগৃহীত
নোবেল শান্তি বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটের মেজরিটি হুইপ ডিক ডারবিন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সোমবার (৯ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে মার্কিন সিনেটে ফ্লোর নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কয়েক দশক ধরে হয়রানির শিকার হওয়া ড. ইউনূসের প্রতি সমর্থন জানান ডিক ডারবিন।
নিজের মন্তব্যে উন্নয়নশীল দেশগুলোর নিম্ন আয়ের পরিবারগুলোকে জীবিকা নির্বাহের সুযোগ করে দেয়া ক্ষুদ্রঋণ কর্মসূচির বিকাশে ড. ইউনূসের জীবনব্যাপী কাজ বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম সাক্ষাতের লক্ষ্যে প্রথম বাংলাদেশ সফরের কথা স্মরণ করে মন্তব্য শুরু করেন মার্কিন সিনেটের মেজরিটি হুইপ।
তিনি বলেন, এদিন ড. ইউনূসকে আমার পূর্ণ সমর্থন দিচ্ছি। আমি তাকে বিশ্বাস করি। ২০ বছর আগেও করেছি এবং এখনো করছি। আমি প্রেসিডেন্ট বাইডেনকেও তাকে সমর্থন করার জন্য অনুরোধ করছি। ড. ইউনুসকে চিনি। হৃদয়ে বাংলাদেশি জনগণের জন্য সর্বোত্তম কল্যাণ লালন করেন এবং এই চ্যালেঞ্জিং সময়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তার ক্ষমতাচ্যুতির কয়েকদিন পর অধ্যাপক ড. ইউনূস নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের শপথ নেন।
ডিক ডারবিন বলেন, গত মাসে আমার বিস্ময়ের কথা কল্পনা করুন। জনগণের ব্যাপক বিক্ষোভের মুখে হাসিনা অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। যে ছাত্ররা বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে তারা দাবি করে, তাদের দেশের নেতা হবেন কেবল ড. মুহাম্মদ ইউনূস। সেই একই অর্থনীতির অধ্যাপক যার সঙ্গে ২০ বছরেরও বেশি আগে আমার দেখা হয়েছিল।
তিনি বলেন, আমি তার সৌভাগ্যের কথা শুনে তাকে (ড. ইউনূস) ফোন করি। তিনি উচ্ছ্বসিত ছিলেন। উনি বিশ্বাস করেন, দেশের মানুষ এখন এই ঐতিহাসিক সুযোগে কাজে লাগাতে প্রস্তুত।
গত জুলাইয়ে ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানির নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রকাশে তিন সহকর্মীর নেতৃত্ব দেন মার্কিন সিনেটের মেজরিটি হুইপ। এতে তৎকালীন বাংলাদেশ সরকারের প্রতি ডক্টর ইউনূসের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করতে এবং তার বিরুদ্ধে আনা সন্দেহজনক অভিযোগগুলো প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।
ড. ইউনূসকে হয়রানি বন্ধ করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়ে ডিক ডারবিন ও তার সহকর্মীদের একটি চিঠি পাঠানোর পর এই বিবৃতি দেয়া হয়। এ গ্রীষ্মের শুরুতেও ডারবিন সিনেট ফ্লোরে একটি বক্তৃতায় নোবেলজয়ীর প্রতি সমর্থন ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামাসহ ১০০ জনেরও বেশি নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক প্রচারণার নিন্দা জানিয়েছেন। ২০১০ সালে বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি প্রচেষ্টার নেতৃত্ব দেন। পরে ২০১৩ সালে প্রধান উপদেষ্টাকে এ পদক প্রদান করা হয়।
