তৌফিক-ই-ইলাহীর ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম
তৌফিক-ই-ইলাহী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার নামের এক যুবককে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পুলিশের উপ-পরিদর্শক রেজাউল আলম। এবিষয়ে আদালতে বিকেলে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত আসামিকে আদালতে হাজির করা হয়নি। আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত আসামি ড. তৌফিক- ই-ইলাহী চৌধুরী ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়ায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমাণও পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে গুরুত্বপূর্ণ তথ্য ও পলাতক আসামিদের পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই তাকে ১০ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।
আরো পড়ুন: হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ
এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান থেকে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মামলার বাদীর ছেলে মো. সুমন সিকদার (৩১) কর্মস্থলে যাবার সময় দুপুর ১২ টার দিকে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণি রাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার কোটা বিরোধী মিছিল চলছিল। এসময় ছাত্রজনতার আন্দোলনকে দমন করার লক্ষ্যে আসামিরা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতারীভাবে গুলি করে। এতে সুমন সিকদার নিহত হন।
