‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম
ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত এবং মৃত্যুশয্যায় রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, প্রশাসনের মধ্যে থাকা আওয়ামী লীগপন্থীরা শেখ হাসিনার দেশে ফেরা এবং দলটির আবার ক্ষমতায় আসার আশায় রয়েছেন। মাশরাফি বিন মোর্তজাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা আর ফিরবেন না। যারা এখনো তাঁর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন, তাঁদের প্রশাসন থেকে বিদায় করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি তাঁদের বিরুদ্ধে ‘ঝাটাপেটা’ করার কথাও বলেন।
সমাবেশে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ মিছিল করলে তাঁদের খালি হাতে মিছিলে যাওয়া উচিত হবে না। এ প্রসঙ্গে তিনি খাগড়াছড়িতে মোটরসাইকেল নিয়ে বিএনপির নেতাকর্মীদের নামার পর প্রতিপক্ষের অস্ত্র নিয়ে প্রতিহত করার ঘটনার উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন ‘মৃত লাশ’। দলটিকে আবার সক্রিয় করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। এ সময় তিনি সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
