×

হলিউড

কোন ঘড়ি পরবেন নতুন বন্ড, রবার্ট প্যাটিনসনকে ঘিরে নতুন প্রশ্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

কোন ঘড়ি পরবেন নতুন বন্ড, রবার্ট প্যাটিনসনকে ঘিরে নতুন প্রশ্ন

ছবি: সংগৃহীত

জেমস বন্ডের নতুন ছবিতে ০০৭-এর হাতে কোন ব্র্যান্ডের ঘড়ি দেখা যাবে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। দীর্ঘ তিন দশক ধরে এই জনপ্রিয় চরিত্রের সঙ্গে জড়িয়ে আছে সুইস ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ওমেগা’। তবে নতুন বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম সামনে আসার পর তৈরি হয়েছে নতুন সমীকরণ। কারণ, অভিনেতা নিজেই আরেক সুইস বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘জ্যাগার-লেকুলত্র’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফলে বন্ডের কব্জিতে জায়গা পেতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য প্রতিযোগিতা নিয়ে কৌতূহল বাড়ছে।

জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সঙ্গে গত তিন দশক ধরে জড়িয়ে রয়েছে সুইস ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ‘ওমেগা’। ১৯৯৫ সালে ‘গোল্ডেন আই’ ছবিতে পিয়ার্স ব্রসনানের হাতে দেখা গিয়েছিল ওমেগার সিমাস্টার মডেলের ঘড়ি। এরপর ড্যানিয়েল ক্রেগের সময়েও বন্ডের সঙ্গে এই ঘড়ির সম্পর্ক অটুট ছিল। ক্রেগের অভিনীত পাঁচটি ছবিতেই ওমেগার ঘড়ি ব্যবহার করা হয়েছে। শুধু সিনেমায় ঘড়ি ব্যবহারের মধ্যেই সম্পর্ক সীমাবদ্ধ ছিল না, দুই অভিনেতাই ওমেগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন। ফলে বন্ডের পরিচিতির সঙ্গে ঘড়িটির একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে।

অন্যদিকে, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন সুইস বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘জ্যাগার-লেকুলত্র’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। গত সেপ্টেম্বর মাসে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন। সম্প্রতি ভেনিস চলচ্চিত্র উৎসবেও তাঁর হাতে দেখা গেছে এই সংস্থার বিশেষ একটি ঘড়ি—‘মাস্টার হাইব্রিস আর্টিস্টিকা ক্যালিবার ১৮৪’। হীরা বসানো ঘড়িটির দাম প্রায় ১০ লাখ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি ২৭ লাখ টাকা। বিশ্বজুড়ে এই মডেলের মাত্র পাঁচটি ঘড়ি তৈরি করা হয়েছে।

এ অবস্থায় নতুন ছবিতে বন্ডের হাতে কোন প্রতিষ্ঠানের ঘড়ি দেখা যাবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ওমেগা কিংবা জ্যাগার-লেকুলত্র— কোনো প্রতিষ্ঠানই প্রকাশ্যে দাবি জানায়নি। তবে ঘড়ি ও চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন মহলে সম্ভাব্য প্রতিযোগিতা নিয়ে আলোচনা চলছে।

এই জল্পনার সূত্রপাত গত ১৬ নভেম্বর নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর প্রকাশিত প্রথম ছবি ঘিরে। টাক্সিডো পরা, হাতে বন্দুক—বন্ডের পরিচিত অ্যাকশনধর্মী লুকে দেখা গেলেও অভিনেতার কব্জিতে ছিল না কোনো ঘড়ি। বিষয়টি নজর এড়ায়নি ভক্ত ও ঘড়িপ্রেমীদের। অনেকের ধারণা, বন্ডের নতুন ছবিতে কোন প্রতিষ্ঠানের ঘড়ি ব্যবহার করা হবে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হওয়ায় প্রথম ছবিতে ঘড়ি রাখা হয়নি। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

অনেকের মতে, নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রবার্টের হাতে বন্ডের ঘড়ি হিসেবে নিজেদের পণ্য দেখতে চাইবে জ্যাগার-লেকুলত্র। অন্যদিকে, দীর্ঘদিনের সম্পর্ক ধরে রাখতে বন্ড ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ওমেগার অংশীদারত্বও বজায় রাখার আগ্রহ থাকার কথা। গত অক্টোবর মাসে প্রতিষ্ঠানটি ০০৭-কে উৎসর্গ করে ঘড়ির নতুন সংগ্রহ প্রকাশ করেছে। এতে রয়েছে ‘সিমাস্টার ডাইভার ৩০০এম’ এবং বন্ডের পুরোনো শত্রু ‘স্পেকটার’-এর অনুপ্রেরণায় তৈরি বিশেষ একটি মডেল। তবে নতুন বন্ডের ছবিতে ওমেগার ঘড়ি থাকবে কি না, জানতে চাওয়া হলে আপাতত মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।

বন্ডের সঙ্গে ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অংশীদারত্বের আর্থিক গুরুত্বও কম নয়। ওমেগার সাবেক কর্মকর্তা জঁ-ক্লদ বিভের একসময় জানিয়েছিলেন, জেমস বন্ডের সঙ্গে চুক্তির জন্য প্রতিষ্ঠানটি প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত প্রস্তাব দিয়েছিল। প্রাথমিকভাবে চুক্তির অঙ্ক ছিল ৫০ হাজার থেকে ৬০ হাজার ডলারের মধ্যে। সিনেমায় ঘড়ি ব্যবহারের পাশাপাশি বিজ্ঞাপনী প্রচারের অধিকারও ছিল চুক্তির অংশ। ওমেগার বর্তমান কর্তা রেনাল্ড অ্যাশলিম্যান ২০২২ সালে জানিয়েছিলেন, বন্ডের নতুন ছবি মুক্তি পেলেই ঘড়ির বিক্রিতে উল্লেখযোগ্য প্রভাব পড়ে।

তবে শেষ পর্যন্ত বন্ডের হাতে কোন প্রতিষ্ঠানের ঘড়ি থাকবে, তা নির্ধারণে অভিনেতার ব্যক্তিগত বিজ্ঞাপনী চুক্তিই একমাত্র বিবেচ্য বিষয় নয়। ছবির পরিচালক ডেনি ভিলনভ ও প্রযোজকেরাই এ সিদ্ধান্ত নেবেন। রবার্টের সঙ্গে জ্যাগার-লেকুলত্রের সম্পর্ক থাকলেও বন্ডের চরিত্রে অন্য প্রতিষ্ঠানের ঘড়ি ব্যবহারের ক্ষেত্রে তা কোনো বাধা তৈরি করবে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।

ঘড়ি বিশেষজ্ঞদের একাংশের মতে, ওমেগার সিমাস্টারের বিকল্প হিসেবে জ্যাগার-লেকুলত্রের ‘পোলারিস’ কিংবা ‘রিভার্সো’ মডেলও বিবেচনায় আসতে পারে। তবে এসবই আপাতত অনুমাননির্ভর আলোচনা। নতুন ছবিতে বন্ডের কব্জিতে শেষ পর্যন্ত কোন ঘড়ি শোভা পাবে, সেই উত্তর এখনো অজানা। আপাতত রবার্ট প্যাটিনসনের ঘড়িবিহীন কব্জিই উসকে দিয়েছে দুই সুইস প্রতিষ্ঠানের সম্ভাব্য প্রতিযোগিতা নিয়ে কৌতূহল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

কোন ঘড়ি পরবেন নতুন বন্ড, রবার্ট প্যাটিনসনকে ঘিরে নতুন প্রশ্ন

কোন ঘড়ি পরবেন নতুন বন্ড, রবার্ট প্যাটিনসনকে ঘিরে নতুন প্রশ্ন

৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App