যে ৫ নেতার কারণে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বললেন সালমান এফ রহমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ এএম
আওয়ামী লীগের ৫ নেতার কারণে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তারের পর রিমান্ডে এ স্বীকারোক্তি দিয়েছেন তিনি। কিন্তু কারা সেই ৫ নেতা, আর কিভাবেই বা তারা শেখ হাসিনা সরকারের এই পরিস্তিতিতে ফেললেন?
ডিবি সূত্র জানায়, ওই ৫ নেতা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আর এ পরিণতির জন্য শেখ হাসিনাকে দায়ী করতে ছাড়েন নি সালমান এফ রহমান।
ডিবিকে সালমান এফ রহমান জানিয়েছেন, ওই ৫ নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, আমি ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। সেসব বৈঠকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিতেন। সেই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম। কিন্তু উনি পাত্তা দিতেন না। এমনকি রুদ্ধদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না।
কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বিষয়ে প্রশ্ন করা হলে সাবেক প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। উনি কেন এ ধরনের কথা বলেছেন সেটার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। এটা আমাদের দলের সিদ্ধান্ত ছিলো না বলেও জানান সালমান এফ রহমান।
যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে ডিবিকে সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে। কিন্তু টাকা নিতে পারছিল না। এ কারণে ওরা মাঝেমধ্যে আমাকে নক করতো। কেন বারবার তারা এসে আপনার সঙ্গে বৈঠক করতো জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিনি বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে। ডলার সংকটসহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা হতো না বলে জানান তিনি।
১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। পরদিন তাঁদের নিউমার্কেট থানায় করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ২৪ আগস্ট আদালতে হাজির করে পুলিশ।২৪ আগস্ট দুই কলেজছাত্র হত্যার ঘটনায় করা পৃথক মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
