উপদেষ্টারা রাজনীতি করলে অন্তর্বর্তী সরকার থেকে বের হয়েই করবেন: আসিফ মাহমুদ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে অন্তর্বর্তী সরকার থেকে বের হয়েই করবেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
বুধবার (২২ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় আসিফ এ স্ট্যাটাস দেন।
তিনি লেখেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবেন। একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা উচিত নয়।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পোস্ট শেয়ার করেন আসিফ। এসময় ক্যাপশনে তিনি লেখেন, প্রফেশনালিজম (পেশাদারত্ব) রক্ষার্থে সরকারে থেকে আরো অনেক কিছুই বলতে পারি না। তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত।
