লিমনের বাবার
কল্পনাও করিনি আমার ছেলে এভাবে মারা যাবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের বাবা জহুরুল হক বলেছেন, ছেলেকে তিনি খুব যত্ন করে বড় করেছেন, কখনো কষ্ট দেননি। ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, আমি কখনো কল্পনাও করিনি, আমার ছেলে এভাবে মারা যাবে।
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে লিমনের মরদেহবাহী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাবা জহুরুল হক আরও বলেন, তিনি দুই ছেলেকে খুব যত্নে বড় করেছেন, কোনোদিন শারীরিক শাস্তি দেননি- শুধু মুখে শাসন করেছেন। তিনি বলেন, সে কী কষ্টের মধ্য দিয়ে গেছে, তা উপরওয়ালাই জানেন।
লিমনের এক আত্মীয় জানান, মরদেহ জামালপুরের মাদারগঞ্জে পৈত্রিক বাড়িতে নেওয়া হবে। সেখানে মাগরিবের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানান, লিমন তার রুমমেটের সঙ্গে কোনো ঝগড়া বা সমস্যার কথা কখনো পরিবারকে জানাননি। সবকিছু স্বাভাবিক বলেই মনে হতো। পরিবারের দাবি, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র- উভয় দেশের সরকারের কাছেই চান।
লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। বিষয়টি প্রথমে তাদের এক বন্ধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
পরে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায়, লিমনের মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের দুটি অভিযোগ আনা হয়েছে এবং একটি অস্ত্র উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ফ্লোরিডার টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।
তদন্ত সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় মাছ শিকারিরা একটি কালো পলিথিন দেখতে পান। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। তবে সেগুলো তখন শনাক্ত করা যায়নি। পরবর্তীতে ৩০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে হিসলবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন, উদ্ধার হওয়া দেহাংশ লিমনের।
