শেনজেন এলাকা ভ্রমণে সব কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
শেনজেন এলাকাভুক্ত দেশগুলোতে প্রবেশের সময় ভ্রমণকারীদের সব ধরনের বৈধ কাগজপত্র ভিসা, ইনস্যুরেন্স ও হোটেল বুকিং সঙ্গে রাখার জন্য পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। সোমবার (১১ জুন) এই পরামর্শ দেওয়া হয়।
বার্তায় বলা হয়েছে, ভিসা কেবল ভ্রমণের পূর্বানুমতি প্রদান করে। তবে শেনজেনভুক্ত কোনো দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে থাকে। তাই ভ্রমণকারীদের অবশ্যই সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে, যাতে প্রয়োজন হলে পুলিশ তা যাচাই করতে পারে।
এর আগে গত ৪ মে ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ শেনজেনভুক্ত দূতাবাসগুলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কোনো দেশে অবস্থান না করার জন্য সতর্ক করেছিল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে শেনজেন অঞ্চলে প্রবেশ নিষেধাজ্ঞা এবং ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে।
এতে আরো উল্লেখ করা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে পরবর্তীতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। ভবিষ্যতে এমন জটিলতা এড়াতে ভিসার নিয়মকানুন কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়।
আরো পড়ুন : স্পেনগামী প্রমোদতরীতে হান্টা ভাইরাসের হানা, মৃত ৩
শেনজেন অঞ্চল মোট ২৯টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একক ভিসায় সদস্য দেশগুলোতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করা যায়। এই অঞ্চলে অভ্যন্তরীণ সীমান্তে সাধারণত পাসপোর্ট বা ইমিগ্রেশন পরীক্ষা ছাড়াই অবাধ যাতায়াতের সুবিধা রয়েছে।
শেনজেনভুক্ত প্রধান দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, পর্তুগাল, গ্রিস, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া ও রোমানিয়া।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকেও আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন শেনজেন চুক্তির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
