×

জাতীয়

১ জুলাই থেকে নতুন পে-স্কেল চালুর নীতিগত অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

১ জুলাই থেকে নতুন পে-স্কেল চালুর নীতিগত অনুমোদন

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির সম্ভাব্য চাপ বিবেচনায় নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্ণাঙ্গ পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। তাই প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে আগামী বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত ১৩ ও ১৪ মে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বাজেটসংক্রান্ত উচ্চপর্যায়ের ধারাবাহিক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেলের সম্ভাব্য কাঠামো, বিভিন্ন খাতে বরাদ্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। পরে সার্বিক বিষয় পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সম্মতি দেন।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশনা দিয়েছেন। ফলে নতুন অর্থবছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা সংশোধিত কাঠামো অনুযায়ী বেতন পাবেন বলে তিনি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ধাপে ধাপে বাস্তবায়নের পূর্ণাঙ্গ পরিকল্পনা অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে অতিরিক্ত বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় সরকার তিন ধাপে এটি কার্যকর করার কৌশল নিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী অর্থবছর থেকেই কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত মূল বেতনের অর্ধেক কার্যকর হবে। দ্বিতীয় ধাপে বাকি ৫০ শতাংশ মূল বেতন বাস্তবায়ন করা হবে। আর তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয় করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, তিন বছরব্যাপী ধাপে ধাপে বাস্তবায়নের ফলে বাজারে অতিরিক্ত মূল্যস্ফীতির চাপ তৈরি হবে না এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনাও সহজ থাকবে।

উল্লেখ্য, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক বেতন-ভাতা ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

এদিকে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগীয় সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের জন্য সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

কমিশন ও সংশ্লিষ্ট কমিটির প্রাথমিক সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিতে বর্তমান ২০টি গ্রেড বহাল থাকবে। তবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই প্রস্তাব অনুমোদিত হলে বিভিন্ন গ্রেডে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ করার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইজারাকৃত বাজার রক্ষায় ‘খুনের হুমকি’, বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়

ইজারাকৃত বাজার রক্ষায় ‘খুনের হুমকি’, বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়

সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার মজুত ছিলো না

স্বাস্থ্যমন্ত্রী সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার মজুত ছিলো না

হেফাজতে ইসলামে কোনো দলাদলি কিংবা প্লাস-মাইনাস নেই

হেফাজতের বিশেষ বৈঠক হেফাজতে ইসলামে কোনো দলাদলি কিংবা প্লাস-মাইনাস নেই

দেড় দশক ধরে চাঁদাবাজি চলছে মেঘনার নৌপথে

ভিডিও ভাইরাল দেড় দশক ধরে চাঁদাবাজি চলছে মেঘনার নৌপথে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App