তথ্যমন্ত্রী
ভুল ও অপতথ্য থেকে জনগণকে সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি : সংগৃহীত
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন। একই দিনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকও মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে এবং একই সঙ্গে জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে রক্ষা করাও জরুরি।
তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলায় সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নতুন সম্ভাবনা তৈরি করলেও তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে এটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে।
তিনি এ বিষয়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশে প্রযুক্তি ও বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
একই দিনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি যুক্তরাজ্যের ‘অফিস অব কমিউনিকেশনস’ (অফকম)-এর অভিজ্ঞতা বাংলাদেশের গণমাধ্যম নীতি প্রণয়নে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং অফকমের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
