×

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন বিধিতে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:৫৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচন বিধিতে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার না রাখার পক্ষে অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের সিদ্ধান্ত।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালার সংশোধন কাজ চলছে এবং এতে একাধিক নতুন পরিবর্তন যুক্ত করা হচ্ছে।

নির্বাচন কমিশনার বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান বিধান বাতিল করা হবে। একই সঙ্গে ইভিএম ব্যবহারের নিয়মও থাকছে না। স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে এবং দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকবে না।

বর্তমানে নির্দলীয় প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার যে শর্ত রয়েছে, সেটিও বাতিল করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া উপজেলা নির্বাচন ছাড়া স্থানীয় সরকারের অন্যান্য স্তরের নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হবে। তবে কতটা বাড়বে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভোট বা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে না। একই সঙ্গে পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় চার্জশিটভুক্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ধরনের পরিবর্তন আনার কাজ চলছে।

ঈদের পর সংশোধিত বিধিমালা চূড়ান্ত করা হতে পারে বলে জানান এই জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার। তার আশা, জুন মাসের মধ্যেই পুরো বিধিমালা প্রণয়নের কাজ শেষ হবে। এ বিষয়ে ইতোমধ্যে একটি বৈঠক হয়েছে এবং ঈদের আগে আরও একটি বৈঠক হলে খসড়া কমিশনে উপস্থাপন করা সম্ভব হবে।

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন শুরু হতে পারে। কমিশন আগামী অক্টোবর থেকেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চায়।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য চারটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন আব্দুর রহমানেল মাছউদ।

প্রথমত, সরকারের নিরপেক্ষ অবস্থান। তার মতে, সরকার কী চায় এবং তাদের দৃষ্টিভঙ্গি কী- এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে।

দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ। তিনি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সংঘর্ষ বা সহিংসতা থাকা উচিত নয়।

তৃতীয়ত, নির্বাচন কমিশনের দৃঢ় ও আপসহীন অবস্থান। তিনি বলেন, ইসির নিজস্ব শক্তি সীমিত হলেও নীতি ও কঠোর অবস্থানের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

চতুর্থত, নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তিদের সততা ও আচরণ। তার মতে, প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, নেতৃত্ব ও দায়িত্ববোধ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, সরকারের শতভাগ সহযোগিতা এবং রাজনৈতিক দলগুলোর আন্তরিক সমর্থন প্রয়োজন। সরকারের নিরপেক্ষ ভূমিকা নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সহিংসতা মূলত আইন-শৃঙ্খলার বিষয়। কেউ সংঘর্ষে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু কঠোর আইন প্রয়োগ করলেই সমস্যার সমাধান হবে না; রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তার মতে, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও বাস্তবে অনেক প্রার্থী রাজনৈতিক সমর্থন পেয়ে থাকেন। ফলে দলগুলোর মধ্যে রাজনৈতিক সদিচ্ছা ও নিয়ন্ত্রণ না থাকলে নির্বাচনি পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানানো হবে যেন তারা নির্বাচনি পরিবেশ উত্তপ্ত না করে এবং সংঘর্ষ, ভাঙচুর বা উত্তেজনা সৃষ্টির পথ থেকে বিরত থাকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের একার পক্ষে সবকিছু সামাল দেওয়া কঠিন।”

তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় রাজনৈতিক জোটগুলো আচরণবিধি মেনে চলেছে। ভোটের দিন বড় ধরনের সহিংসতা বা কেন্দ্র দখলের ঘটনা তুলনামূলক কম ছিল, এজন্য রাজনৈতিক দলগুলোকেও কৃতিত্ব দেওয়া উচিত।

নির্বাচনের সময় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন।

তবে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। প্রয়োজনে ভোটকেন্দ্র বন্ধ করার ক্ষমতাও নির্বাচন কমিশনের রয়েছে বলে উল্লেখ করেন।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই

সেলিম উদ্দিন ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই

হামের পর পাহাড়ে ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক

হামের পর পাহাড়ে ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক

ব্যাংক খোলা থাকবে শনিবার

ব্যাংক খোলা থাকবে শনিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App