সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:২৬ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) নামে তিন যুবক দগ্ধ হয়েছেন।
বুধবার (১ জুলাই) ফ্রি স্কুল স্ট্রিটে একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিস্ফোরণের পরপরই দগ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
তাদের হাসপাতালে নিয়ে আসা মো. রাজিব বলেন, ‘রাতের দিকে কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ওই বাসার নিচতলায় হঠাৎ সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ওই তিনজনই দগ্ধ হন। দগ্ধ তিনজনই পান্থপথে ফার্নিচার দোকানে কাজ করেন।’
তিনি বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘কলাবাগানের কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে তিনজন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে জুয়েলের ৩০ শতাংশ দগ্ধ, রানার ৬৩ শতাংশ ও পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছেন। রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে ও জুয়েল ও পারভেজকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘কলাবাগান কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে তিনজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল বার্নে এসেছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তাদের মধ্যে একজন আইসিইউতে ও বাকি দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
