দেশের ৩ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে, হতে পারে বন্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
দেশের পাঁচ জেলার পাঁচটি পর্যবেক্ষণ পয়েন্টে তিনটি নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগ এবং ভারতের আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দেশের কয়েকটি নদী অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপরে রয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কয়েকটি নদ-নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে কুশিয়ারা ও সুরমা নদীর পানি বাড়লে সিলেট ও সুনামগঞ্জের বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও ঊর্ধ্বমুখী থাকায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তবে স্বস্তির খবর হলো, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের কয়েকটি নদীর পানি কমতে পারে। এর ফলে এসব এলাকার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
