শিক্ষার্থীদের সড়ক অবরোধে স্থবির রাজধানী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি : সংগৃহীত
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে, ফলে সাধারণ মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
পরে আন্দোলনকারীরা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে অন্য স্থানে গেলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে রাজধানীর উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকায় ওই এলাকাসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। একই সময়ে গুগল ম্যাপেও রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের চিত্র দেখা যায়।
গুলশান ট্রাফিক বিভাগের এক ফেসবুক পোস্টে জানানো হয়, উত্তরা বিএনএস টাওয়ারের সামনে ও ইসিবি চত্বরের দুই পাশে সড়ক অবরোধের কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এর প্রভাব পড়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশেও। সেখানে তীব্র যানজট তৈরি হয়েছে এবং যানবাহনের দীর্ঘ সারি কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে।
পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলেও জানানো হয়েছে।
