ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম
ছবি : সংগৃহীত
দেশজুড়ে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ বা ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ কর্মসূচি বাস্তবায়নে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই নারী হবেন।
বুধবার (২২ জুলাই) রাজধানীর গুলশানের লেক পার্কে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করতে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে।
তিনি জানান, নিয়োগপ্রাপ্ত নারী স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবেন। পাশাপাশি কীভাবে নিজেই প্রাথমিক পরীক্ষা করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেবেন।
এ ছাড়া স্বাস্থ্যকর্মীরা বিশেষ স্বাস্থ্যসেবা কিট নিয়ে মানুষের বাসায় গিয়ে রক্তচাপ, ওজন, রক্তে শর্করা (ডায়াবেটিস) এবং লিপিড প্রোফাইলসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন।
স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, একটি সুস্থ, সচেতন ও জ্ঞানভিত্তিক জাতি গঠনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
দেশে সিজারিয়ান অপারেশনের হার বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে অনেক শিশু সিজারের মাধ্যমে জন্ম নিচ্ছে এবং জন্মের পর অনেক নবজাতক মায়ের প্রথম দুধ বা শালদুধ থেকে বঞ্চিত হচ্ছে। কর্মব্যস্ততা, সচেতনতার অভাব ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে মাতৃদুগ্ধ পান করানোর হার কমে যাচ্ছে, যা শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা।
