ভিসা বাতিলে ক্ষতিগ্রস্ত আমিরাতপ্রবাসীদের তথ্য চাইল বাংলাদেশ দূতাবাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:২০ পিএম
ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি যেসব বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল হয়েছে, তাদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩১ জুলাই) এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মাধ্যমে কিছু বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল হওয়ার তথ্য দূতাবাসের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি সম্পর্কে সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরির উদ্দেশ্যে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য আহ্বান করা হয়েছে।
দূতাবাস ভুক্তভোগী প্রবাসীদের নাম, পাসপোর্টের তথ্য, ভিসা বাতিলের বিস্তারিত কারণ ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য দ্রুত দূতাবাসের সরকারি ই-মেইলে পাঠানোর অনুরোধ জানিয়েছে।
তথ্য পাঠানোর জন্য দূতাবাসের সরকারি ই-মেইল ঠিকানা: [email protected]।

দূতাবাস আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
