×

জাতীয়

দুবাইয়ে বেনজীরের কারামুক্ত নিয়ে যা বললো বাংলাদশ পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

দুবাইয়ে বেনজীরের কারামুক্ত নিয়ে যা বললো বাংলাদশ পুলিশ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।

খবরে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত কয়েকটি শর্তে তাকে জামিন দেন।

আদালতের শর্ত অনুযায়ী, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

অন্যদিকে, পারিবারিক সূত্রের বরাতে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, আদালতের শর্ত থাকা সত্ত্বেও বেনজীর দুবাই থেকে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহদাত হোসাইন জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি তারা দেখেছেন। বিষয়টি নিয়ে এনসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত বেনজীরের জামিনে মুক্তির বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১১ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। ওই নোটিশের ভিত্তিতে তাকে দুবাই পুলিশ গ্রেপ্তার করে।

পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করে। এরপর সরকার কূটনৈতিক মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়ে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন জানায়।

পরবর্তী সময়ে দুবাই পুলিশ প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের কাছে অতিরিক্ত তথ্য ও ব্যাখ্যা চায়। তবে সেই প্রক্রিয়া চলমান থাকতেই বেনজীরের জামিনে মুক্তির খবর সামনে এসেছে, যা প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

বর্তমানে পাসপোর্টে জালিয়াতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের দায়ের করা ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার বিচার চলছে এবং বাকি মামলাগুলো তদন্তাধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App