×

জাতীয়

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে তরুণদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (২ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বিশ্বসেরা হওয়ার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় এমআইএসটির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় বিজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চান।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এ অর্জনকে গৌরবজনক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে রোবটটির প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার কথাও জানান তিনি।

আরো পড়ুন: জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

শিক্ষার্থীরা জানান, তারা ভবিষ্যতে প্রযুক্তি খাতে কাজ করতে এবং নিজস্ব উদ্যোগে নতুন উদ্ভাবন ও স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠায় আগ্রহী তরুণদের সরকারি স্টার্টআপ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আরও এগিয়ে নিতে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং সরকার তাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্প দেশের প্রধান রপ্তানি খাত হলেও অর্থনীতিকে আরও বহুমুখী করতে সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসসহ সম্ভাবনাময় শিল্পখাতের বিকাশে সরকার কাজ করছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের দেশে ফিরে এ খাতের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের প্রতিটি খাতে সবাই নিজ নিজ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করলে বাংলাদেশ আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘MATE ROV International Underwater Robot Competition 2026’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের ‘MIST MAVIROV’ দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় রানারআপ হয় যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থান লাভ করে স্বাগতিক কানাডা।

উদ্ভাবনী চিন্তা, প্রকৌশল দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং দলগত সমন্বয়ের স্বীকৃতি হিসেবে এ অর্জনকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্যাসিবাদ বিলোপ চাইলে ৭২-এর সংবিধান বাতিল করতে হবে

ফরহাদ মজহার ফ্যাসিবাদ বিলোপ চাইলে ৭২-এর সংবিধান বাতিল করতে হবে

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল: নাছির

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল: নাছির

বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন

অপারেশন শরতের তুফান বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন

এনসিপির নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর নিয়ে যা বললেন হাসনাত

এনসিপির নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর নিয়ে যা বললেন হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App