বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএইর একটি আদালত বেনজীর আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পরপরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেখানে নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে (ল’ ফার্ম) জামিন বাতিলের আবেদন এবং আদালতে প্রয়োজনীয় পিটিশন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা হয়েছে। আদালত কী শর্তে জামিন দিয়েছেন, তা জানতে রায়ের সার্টিফায়েড কপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক উভয় ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আমাদের সন্দেহ রয়েছে।
সাম্প্রতিক সময়ে মেট্রোরেল ও আশুলিয়ায় বোমা-আতঙ্কের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও নাশকতার কিছু চেষ্টা লক্ষ্য করা গেছে। মতিঝিলে মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং পরে আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিষ্ক্রিয় করে।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে কোনো পক্ষ এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ নিয়ে জনমনে আতঙ্কের কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং একটি বিশেষ টিম বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আগামী ৫ আগস্টকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত এবং ‘মাফিয়া শক্তি’ হিসেবে চিহ্নিত দলটির বর্তমানে বড় ধরনের কর্মসূচি পালনের সক্ষমতা নেই। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, বিশেষ করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে, বাহিনীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের উগ্রবাদী ও নাশকতামূলক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
