ইসি সচিব
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের কাছ থেকে এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। ফলে ভোটার নিবন্ধনের সময়সীমাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ রাখা হয়েছিল। তবে নির্বাচন বিষয়ে সরকারের আনুষ্ঠানিক দিকনির্দেশনা না পাওয়ায় ওই সময়সীমা অপরিবর্তিত থাকবে নাকি সংশোধন করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইনের কিছু সংশোধনী প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা, দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচন কমিশনাররা দেশে ফিরলে এসব প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত সাধারণত ৪৫ দিন সময় প্রয়োজন হয়। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত, মুদ্রণ এবং অন্যান্য প্রস্তুতি মিলিয়ে একটি নির্বাচন আয়োজনের জন্য প্রায় তিন মাস সময় লাগে। তাই সরকারের স্পষ্ট সিদ্ধান্ত ছাড়া সম্ভাব্য সময় নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের প্রস্তুতি অব্যাহত রয়েছে। আচরণবিধি ও প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন, নির্বাচন-সংশ্লিষ্ট সরঞ্জাম প্রস্তুত রাখা এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ চলছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সংলাপের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, বিভিন্ন বিধিমালার বিষয়ে ইতোমধ্যে দলগুলোর মতামত নেওয়া হয়েছে।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব প্রসঙ্গে ইসি সচিব জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় কার্যকর ৫৮টি দলের মধ্যে ৩৮টি নির্ধারিত সময়ের মধ্যে অডিট প্রতিবেদন জমা দিয়েছে। আরও ১৩টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে এবং ৮টি দল এখনো কোনো সাড়া দেয়নি। আইন অনুযায়ী তাদের নোটিশ দেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখনো তফসিল নির্ধারণ হয়নি। এ জন্য সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম নিয়েও একটি কমিটি কাজ করছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, কমিটির কার্যপরিধি নির্ধারণের কাজ চলমান রয়েছে, যাতে সংশোধন প্রক্রিয়ায় কোনো ধরনের অসঙ্গতি না থাকে।
