×

জাতীয়

জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে সংবিধান পর্যালোচনা করবে বিশেষ কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে সংবিধান পর্যালোচনা করবে বিশেষ কমিটি

ছবি : সংগৃহীত

জুলাই জাতীয় সনদকে ভিত্তি ধরে দেশের সংবিধান পর্যালোচনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতের আলোকে সংশোধনী সুপারিশ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটি।

মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ২০২৫ সালের ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ৩৩টি রাজনৈতিক দলের সর্বসম্মত আকাঙ্ক্ষাকে ভিত্তি করেই প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, কমিটির কার্যক্রম কেবল সংসদীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সংবিধান সংশোধনের আগে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ লক্ষ্যে জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহত ও অংশগ্রহণকারী, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি, জ্যেষ্ঠ সাংবাদিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, অবসরপ্রাপ্ত বিচারপতি, জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা আয়োজন করা হবে।

এ ছাড়া জুলাই জাতীয় সনদ প্রণয়নে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করে সনদের ধারাগুলোকে সাংবিধানিক ভাষা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

কমিটির গঠন সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে বিএনপিসহ সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য রয়েছেন। তাদের মধ্যে জোনায়েদ আব্দুর রহিম সাকি, নুরুল হক (ভিপি নূর) ও আন্দালীব রহমান পার্থ রয়েছেন। বিরোধী দলের জন্য সংরক্ষিত পাঁচটি সদস্যপদের বিষয়ে এখনো নাম পাওয়া যায়নি। তবে সরকার তাদের অন্তর্ভুক্ত করতে আগ্রহী এবং তালিকা পাওয়া মাত্রই কমিটিতে যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, বিরোধী দল সরাসরি কমিটিতে অংশ না নিলেও জুলাই জাতীয় সনদে তাদের অনেক মতামত প্রতিফলিত হয়েছে। সাংবিধানিক ব্যাখ্যার ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

ভারতের 'কেশবসানন্দ ভারতী' মামলার উদাহরণ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, সংবিধানের মৌলিক কাঠামো অক্ষুণ্ন রেখেই সংশোধনী আনা হবে। রাজনৈতিক বা আবেগপ্রসূত কোনো সিদ্ধান্তের মাধ্যমে মূল কাঠামো থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই।

কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, সংবিধান কোনো নির্দিষ্ট সরকারের জন্য নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের রাষ্ট্র পরিচালনার ভিত্তি। তাই সংশোধন প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।

কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৈঠকের সূচনা করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, কমিটি শুধু নিজেদের আলোচনার ওপর নির্ভর করবে না; সমাজের বিভিন্ন স্তর থেকে পাওয়া সংশোধনী প্রস্তাবও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, কমিটি উন্মুক্ত মনোভাব নিয়ে সবার মতামত শুনবে এবং প্রয়োজনীয় সংশোধনী বিবেচনায় নিয়ে প্রতিবেদন প্রস্তুত করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপন করা হবে। পরে সংসদীয় আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে এমন সংশোধনী গ্রহণের চেষ্টা করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং বাংলাদেশের নতুন যাত্রার প্রতিশ্রুতিগুলো সংশোধনী প্রস্তাবে প্রতিফলিত হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি জানান, কমিটির কাজকে কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না। বরং সবার সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী সুপারিশ তৈরিই তাদের প্রধান লক্ষ্য।

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কমিটির সদস্যরা হলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের আন্দালীব রহমান, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক, চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর-১ আসনের ফারজানা শারমিন, সংরক্ষিত মহিলা আসন-৮-এর শাকিলা ফারজানা, শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল এবং বরগুনা-১ আসনের মো. অলি উল্লাহ।

প্রথম বৈঠকে মো. অলি উল্লাহ উপস্থিত ছিলেন না। বর্তমানে কমিটিতে ১২ জন সদস্য রয়েছেন। বিরোধী দল সদস্যদের নাম দিলে আরও পাঁচজনকে যুক্ত করে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই জাতীয় সংসদে কণ্ঠভোটে ১২ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়। সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধির আওতায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫০ টাকার নিচে আলু ছাড়া মিলছে না কোন সবজি

৫০ টাকার নিচে আলু ছাড়া মিলছে না কোন সবজি বিপাকে নিম্ন আয়ের মানুষেরা

গ্যাস সংকটে বন্ধ ফিলিং স্টেশন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা

ফেনী গ্যাস সংকটে বন্ধ ফিলিং স্টেশন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা

গোমস্তাপুর সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

গোমস্তাপুর সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়েই প্রাণ গেল সাপুড়ের

সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়েই প্রাণ গেল সাপুড়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App