×

জাতীয়

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০২ এএম

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেক ব্যক্তির জন্য মানুষের সেবা করার সুযোগ একটি বড় আমানত ও আল্লাহর নিয়ামত। এই সুযোগ কাজে লাগিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করতে হবে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা ইউএনওদের উদ্দেশে আয়োজিত এক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

খাল খনন প্রকল্পের কাজ সততার সঙ্গে সম্পন্ন করে উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৩টি উপজেলার ইউএনওকে প্রশংসা ও ধন্যবাদ জানাতে এ সভার আয়োজন করা হয়।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা আছি, কাল থাকব না। আসুন, আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি। যেখানে সবাই একটু ভালো থাকবে।’

ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, একজন কর্মকর্তা যে উপজেলায় দায়িত্ব পালন করছেন, সেটি হয়তো তার নিজের উপজেলা নয়। কিন্তু সেই উপজেলা বাংলাদেশেরই একটি অংশ। সেখানে বসবাসকারী মানুষগুলো নিজের এলাকার না হলেও তাদের আপনজনের মতোই দেখতে হবে। দেশকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শুধু আইন প্রণয়ন করে সমাজের সব সমস্যা সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে বোঝানো ও সচেতন করার মাধ্যমেও অনেক সমস্যার সমাধান করা যায়। তাই নিজ নিজ এলাকায় জনসচেতনতা তৈরিতে ইউএনওদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান

পরিবেশ সংরক্ষণে মাঠ প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে অনেক মানুষ নিজেদের উদ্যোগে গাছ লাগাতে চান। সরকারি কর্মকর্তারা তাদের উৎসাহিত করলে একজন ব্যক্তি যেখানে ১০টি গাছ লাগান, সেখানে ৫০টি গাছ লাগানোর উদ্যোগ নিতে পারেন।

একইভাবে খেলাধুলার প্রসারেও ইউএনওদের ভূমিকা রাখার নির্দেশ দেন সরকারপ্রধান। তিনি বলেন, খেলাধুলার আয়োজনের জন্য শুধু বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবসের অপেক্ষা করার প্রয়োজন নেই। স্থানীয় যেকোনো ভালো উপলক্ষ, এমনকি কোনো ব্যক্তির জন্মদিন উপলক্ষেও খেলাধুলার আয়োজন করা যেতে পারে। এর মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে।

মানবিক মূল্যবোধ বাড়ানোর তাগিদ

সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মধ্যে ধীরে ধীরে দয়া-মায়া কমে যাচ্ছে এবং নিষ্ঠুরতা বাড়ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে সামাজিক শান্তি ও সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই নিজ নিজ এলাকায় মানুষের প্রতি মানুষের সহমর্মিতা ও দরদ বাড়াতে উদ্যোগ নিতে হবে।

পশুপাখি ও প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে মানবিকতা এবং পশুপাখির প্রতি মায়া-মমতার বিষয়গুলো পাঠ্য হিসেবে যুক্ত করা হচ্ছে। বাংলাদেশ যেন সব প্রাণী ও জীবের জন্য নিরাপদ আবাসস্থল হয়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

খাল খননে কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন

সভায় বিভিন্ন উপজেলার ইউএনওরা নিজ নিজ এলাকায় খাল খনন কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর কৃষি, পানি ব্যবস্থাপনা ও জনজীবনে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তার চিত্র প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

তারা জানান, খাল খননের আগে যেসব এলাকায় বছরে দুই ফসল উৎপাদন হতো, সেখানে এখন তিন ফসল উৎপাদন সম্ভব হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, খাল খননের মূল লক্ষ্য হচ্ছে নদীমাতৃক বাংলাদেশের পুরোনো চিত্র ফিরিয়ে আনা। দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই এখন থেকেই এর মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে।

তিনি জানান, পর্যায়ক্রমে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

সভায় উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া ৮৩ জন ইউএনও ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App