সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম
ছবি : সংগৃহীত
প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকের অভিযোগ অনুযায়ী, মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে কথিত ঋণ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।
সম্প্রতি সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পর ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে দুদকে অভিযোগটি জমা দেন।
অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে ওই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছে ব্যাংক।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী
ইসলামী ব্যাংকের অভিযোগে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অনিয়মের মাধ্যমে ঋণ অনুমোদনে ব্যবসায়ী এস আলম ভূমিকা রাখেন।
এ ছাড়া তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই ঋণ অনুমোদনে ভূমিকা রাখেন এবং আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চারটি অডিট ফার্মের মাধ্যমে বিষয়টি পর্যালোচনা ও তদন্ত করে ঋণ অনুমোদন ও অর্থ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই দুদকে অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান ও তদন্তের পরই অভিযোগগুলোর সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় সম্পর্কে চূড়ান্তভাবে জানা যাবে।
