ডিআইজিসহ ২৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একসঙ্গে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লেখ করা পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
আরও পড়ুন: তিন জেলায় নতুন এসপি, পুলিশের বড় রদবদল
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকার হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছ্ছের হোসেনকে রাজশাহীর সারদা বিপিএতে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএনের পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: চাকরি গেল বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
এ ছাড়া এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং র্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
পৃথক একটি প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার করা হয়েছে। গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিরুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।
অন্যদিকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পৃথক আরও দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিআইজি, উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার আরও ১০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এসব বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
