×

জাতীয়

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:১১ এএম

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

ছবি : সংগৃহীত

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না; গ্রেডভেদে বেতন বৃদ্ধির হার কিছুটা কমবেশি হতে পারে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম বছরে শুধু মূল বেতন বাড়ানো এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর করার সুপারিশ করা হয়েছে। বুধবার জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নসংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ তথ্য জানা যায়।

কমিটির এক সদস্য জানান, সর্বশেষ বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়ে প্রস্তুত করা চূড়ান্ত প্রতিবেদনে সব সদস্য স্বাক্ষর করেছেন। নতুন কাঠামোয় ১ম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ে কমিটির সদস্যরা একমত হয়েছেন।

তবে এই সুপারিশ আগামী দুই বছরে বাস্তবায়নের কথা বলা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মন্ত্রিসভার হাতে থাকবে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করতে পারে।

এক দশক পর নতুন পে স্কেল

সরকারি চাকরিজীবীদের সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয় ২০১৫ সালে। এরপর প্রতিবছর মূল বেতনের ওপর নির্ধারিত ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়। জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশের ভিত্তিতে বেতন বৃদ্ধির বিভিন্ন হিসাব ও প্রস্তাব নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে।

মন্ত্রী পর্যায়ের কমিটিতে বাড়তে পারে সময়

জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। প্রায় চার মাস পর্যালোচনার পর বুধবার কমিটি চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন তৈরি করে।

তবে সম্প্রতি জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ তৈরির জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের আরেকটি কমিটি গঠন করেছে সরকার। ফলে সচিব কমিটির প্রতিবেদন চূড়ান্ত হলেও মন্ত্রী পর্যায়ের নতুন কমিটির কারণে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় সময় বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

সচিব কমিটির এক সদস্য বলেন, জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ করাই ছিল তাদের দায়িত্ব। সে অনুযায়ী সব পক্ষের বিষয়ে সুপারিশ করা হয়েছে।

দুই ধাপে বাস্তবায়নের পক্ষে সাবেক অর্থ সচিব

সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, ২০১৫ সালের জাতীয় পে স্কেলও দুই ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। প্রথম বছরে বেতন এবং পরের বছরে ভাতা কার্যকর করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেলও দুই ধাপে বাস্তবায়ন করা বাস্তবসম্মত হতে পারে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, সচিব কমিটি চাইলে একাধিক প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করতে পারে। এরপর সরকার পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বেতন-ভাতায় বাজেট বরাদ্দ ৮৯ হাজার কোটি

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ প্রায় ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

এ ছাড়া বাজেটের ‘জনপ্রশাসন-নিট’ খাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামালপুর-টাঙ্গাইল-মহাসড়ক অবরোধ

জামালপুর-টাঙ্গাইল-মহাসড়ক অবরোধ

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ

সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App