×

জাতীয়

শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে: আমির খসরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:৪০ পিএম

শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে: আমির খসরু

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৯ শ্রমিক নিহতের ঘটনায় নিরাপত্তা ও কমপ্লায়েন্সের কোনো ঘাটতি ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তদন্তে কোনো অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজনদের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন মন্ত্রী। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের শয্যাপাশে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবরও নেন তিনি।

দুর্ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কারও পক্ষ নেওয়ার সুযোগ নেই। সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা।

শিল্পকারখানায় শ্রমিকদের নিরাপত্তা এবং কমপ্লায়েন্স নিশ্চিত করার বিষয়ে সরকারের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক হংকং কনভেনশনের মানদণ্ড অনুসরণ করে গ্রিন শিপব্রেকিং ইয়ার্ডের গ্রেডিং ও সনদ দেওয়া হয়। সংশ্লিষ্ট ইয়ার্ডে এসব নিয়ম পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটেছিল কি না, তদন্তেই তা স্পষ্ট হবে।

নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা

নিহত শ্রমিকদের পরিবারের সহায়তার বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসের নির্গমন পুরোপুরি বন্ধ করতে সেনাবাহিনীর একটি দল কাজ করছে।

কী ঘটেছিল সীতাকুণ্ডে

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি জাহাজ কাটার সময় ট্যাঙ্কার থেকে হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়সহ এখন পর্যন্ত ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত আরও ছয় শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, একজনের মরদেহ ন্যাশনাল হাসপাতালে এবং দুজনের মরদেহ দুর্ঘটনাস্থলে রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, জাহাজের ট্যাঙ্কারে জমে থাকা কার্বন মনোক্সাইড গ্যাসের লিকেজ থেকেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে গ্যাসের প্রকৃত ধরন এবং দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে।

মন্ত্রী হাসপাতালে পরিদর্শনের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও চেম্বার পরিচালক এস এম সাইফুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কমল ডলারের দাম

কমল ডলারের দাম

মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই: র‍্যাব

মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই: র‍্যাব

শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে: আমির খসরু

শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে: আমির খসরু

নিউজিল্যান্ডও ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল, স্বাধীন তদন্তের দাবি

নিউজিল্যান্ডও ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল, স্বাধীন তদন্তের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App