তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী
বগুড়ার নয়, সে বাংলাদেশের ছেলে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম টেস্টে ৯ উইকেটের জয়ের পর রোববার (১৬ আগস্ট) ভিডিও কলে দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী দলের সবাইকে অভিনন্দন জানানোর পাশাপাশি সিরিজের পরের টেস্টের জন্যও শুভকামনা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, বাংলাদেশে ফিরে দলের খেলোয়াড়দের স্বাগত জানানোর জন্য দেশের মানুষ অপেক্ষা করছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
ভিডিও কলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল প্রথমে হাসান মাহমুদের সঙ্গে প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। তিনি জানান, হাসান প্রথম ইনিংসে পাঁচটি এবং দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়েছেন।
হাসান মাহমুদের পারফরম্যান্সের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সংবাদে বিষয়টি দেখেছেন এবং বোলারের পারফরম্যান্সকে ‘এক্সিলেন্ট’ ও ‘ওয়ান্ডারফুল’ বলে প্রশংসা করেন।
এরপর তামিম ইকবাল তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তামিম তাঁকে বগুড়ার ছেলে হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন: বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
তখন প্রধানমন্ত্রী তানজিদকে নিয়ে বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। বগুড়ার না, বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া।’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে জাতীয় দলের হয়ে খেলোয়াড়দের দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি গুরুত্ব পায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে তানজিদ হাসান তামিমের ব্যাটিংও ছিল অন্যতম বড় অবদান। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ ওপেনার।
