রাষ্ট্রপতি নির্বাচন হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: সিইসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে ভোটার ৩৪৯ জন।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। নির্বাচনসংশ্লিষ্ট সবার সহযোগিতাও পাওয়া যাচ্ছে। ফলে সুন্দর একটি নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল
সিইসি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসীর নজর রয়েছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এমন একটি নির্বাচন পরিচালনার সুযোগ পাওয়া তার জন্য সৌভাগ্যের বিষয়।
তিনি বলেন, দেশবাসী ও বিশ্ববাসী জানেন, এবার নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। ১৯৯১ সালে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর এমন নির্বাচন হয়নি। ফলে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা সংশ্লিষ্টদের নেই। সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও এ ধরনের কার্যক্রমে অভ্যস্ত নন। তারপরও নির্বাচন প্রক্রিয়ায় যেন কোনো ঘাটতি না থাকে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও অনুশীলন করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন ও বিধিমালা প্রসঙ্গে সিইসি বলেন, ১৯৯১ সালের আইনে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা রয়েছে। আইন ও বিধিমালা পর্যালোচনা করে নির্বাচন প্রক্রিয়াকে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন চললে এক ধরনের ব্যবস্থা এবং অধিবেশন না চললে অন্য ব্যবস্থা রয়েছে। বর্তমানে সংসদের অধিবেশন না থাকলেও আলাদাভাবে অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই। শুধু নির্বাচনের জন্য একটি বৈঠক আহ্বান করলেই হবে। নির্বাচনী কর্মকর্তা এ বৈঠক আহ্বান করবেন এবং সংসদ সদস্যরা সেখানে ভোট দেবেন।
আরও পড়ুন: কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে
ভোটের সরাসরি সম্প্রচার প্রসঙ্গে সিইসি জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেওয়ার সময় শুরুতে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর বিকেল ৫টায় ভোট গণনা শুরু হলে আবারও তা সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি জানান, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হওয়ায় ভোট দেওয়ার পর চলে যেতে বাধ্য নন। তারা চাইলে ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন।
সিইসি আরও বলেন, ভোটগ্রহণ হবে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায়। কোনো প্রার্থী কত ভোট পেয়েছেন, কত ভোট বাতিল বা নষ্ট হয়েছে- সব তথ্য বিস্তারিতভাবে ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করার পর রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে।
